ফুলবাড়ীয়ায় নির্মিত ব্রিজ নেই সংযোগ সড়ক ১০ বছরেও কাজে আসেনি

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬, ০৫:১৬ পিএম
ফুলবাড়ীয়ায় নির্মিত ব্রিজ নেই সংযোগ সড়ক ১০ বছরেও কাজে আসেনি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়ন পরিষদের শিবপুর গ্রামে বানার নদীর ওপর ২০১৬ সালে ব্রিজ নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ১০ বছর আগে ৩০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ করা হলেও ব্রিজের পশ্চিম পাশে সংযোগ সড়ক না থাকায় কোনো কাজেই আসছে না ব্রিজটি। এলাকাবাসীর অভিযোগ-সংযোগ সড়ক নির্মাণ করার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে বহুবার যোগাযোগ করেও কোনো লাভ হয়নি।

সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, বানার নদের পূর্ব পাশে পায়ে চলার পথ থাকলেও পশ্চিম পাশে নদীর তীরের পর আমন ধানখেত। কোনো সড়ক নেই। ব্রিজ নির্মাণের ১০ বছরে একটি গাড়িও চলাচল করেনি ব্রিজ দিয়ে। ২০১৫-২০১৬ অর্থবছরে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর শিবপুর-হরিরামবাড়ি সড়কের শিবপুর রফেতুল্লাহ হাজির বাড়ির পূর্ব পাশে বানার নদীর ওপর ৪০ ফুট দৈর্ঘ্যের একটি পাকা ব্রিজ ৩০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয় । ব্রিজের পশ্চিম পাশে হরিরাম বাড়ি গ্রামের অংশে কোনো সড়ক নেই। ব্রিজ নির্মাণের আগে সড়ক নির্মাণের করার জন্য এলাকাবাসী দাবি জানালেও এলাকাবাসীর দাবি উপেক্ষা করে শুধু ব্রিজ নির্মাণ করা হয়।


এ ব্যাপারের নাওগাঁও ইউনিয়ন পরিষদের শিবপুর ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মোতালেব হোসেন জানান, সড়ক না করে ব্রিজ নির্মাণ করা ঠিক হয়নি। ব্রিজের পূর্বপাশে পায়ে চলার পথ থাকলেও পশ্চিম পাশে কোনো সড়ক নেই। ব্রিজের পশ্চিম পাশের নির্মাণ করতে গেলে হরিরামবাড়ি গ্রামের মানুষের সহযোগিতা লাগবে। আর হরিরামবাড়ি আমাদের ৫ নং ওয়ার্ডের আওতায়। ইউনিয়ন পরিষদ সিদ্ধান্ত নিলে সড়ক নির্মাণ করা সম্ভব।


নাওগাঁ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইদ্রিস আলী জানান, ২০২৪ সালে ব্রিজের পশ্চিম পাশের নতুন সড়ক নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হলেও অর্থ বরাদ্দ না পাওয়ায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। অর্থ বরাদ্দ পেলে ব্রিজের পশ্চিম পাশের সংযোগ সড়ক নির্মাণ করা হবে।


এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল হক জানান, নতুন প্রকল্প পেলে সংযোগ সড়ক নির্মাণ করা হবে।

স্থানীয়দের দাবি, সরকারি অর্থে নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে পড়ে থাকার কারণে একদিকে যেমন জনগণ এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে অব্যবহৃত অবস্থায় ব্রিজটির স্থায়িত্ব নিয়েও শঙ্কা তৈরি হচ্ছে। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে ব্রিজটি জনসাধারণের চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার জেলার সংবাদ পড়তে