জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘দেশ সেরা স্বর্ণপদক-২০২৬’ অর্জন করেছেন চাঁদপুরের তরুণ নৃত্যশিল্পী আকাশ হোসেন পলাশ। নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান ‘নৃত্যময়’ আয়োজিত জাতীয় নৃত্য প্রতিযোগিতার ‘গ’ বিভাগে একক লোকনৃত্যে অংশ নিয়ে নিজের নৃত্যশৈলী ও নৈপুণ্যে বিচারকদের নজর কাড়েন তিনি। এতে করে চুড়ান্ত প্রতিযোগিতায় সেরাদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে অর্জন করেন এই স্বর্ণপদক।
গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী আকাশ হোসেন পলাশের হাতে ‘দেশ সেরা স্বর্ণপদক-২০২৬’ হিসেবে স্বর্ণপদক মেডেল, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। আয়োজক সংশ্লিষ্টরা জানান, আকাশ হোসেন পলাশের নৃত্যের প্রতি দীর্ঘদিনের অনুরাগ, নিয়মিত অনুশীলন এবং লোকসংস্কৃতির প্রতি গভীর ভালোবাসাই এই সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে । আমরা নৃত্যাঙ্গনের তার আগমী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
আকাশ হোসেন পলাশ চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর একজন শিক্ষার্থী। তিনি চাঁদপুর শহরের নতুন বাজার দক্ষিণ গুনরাজদী এলাকার মো. জাকির হোসেন ও ফিরোজা বেগমের ছেলে। তিনি চাঁদপুর শিল্পকলা একাডেমিতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে নৃত্য পরিবেশন করেন।
নিজের অর্জনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আকাশ হোসেন পলাশ বলেন, “এই স্বর্ণপদক আমার জন্য শুধু একটি পুরস্কার নয়, এটি আমার দীর্ঘদিনের পরিশ্রম, অনুশীলন ও স্বপ্নের স্বীকৃতি। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমার পরিবার, শিক্ষক এবং যারা নৃত্যচর্চার পথে আমাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে চাঁদপুরের মানুষের ভালোবাসা ও দোয়া আমাকে সবসময় অনুপ্রাণিত করে।”
তিনি আরও বলেন, “আমি ভবিষ্যতে নৃত্যকে আরও গভীরভাবে চর্চা করতে চাই। দেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নৃত্যের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখি।”
আকাশের এই অর্জনে আনন্দিত তার পরিবার ও নৃত্যাঙ্গনের সহশিল্পীরাও। তাদের প্রত্যাশা, নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে আকাশ ভবিষ্যতে আরও বড় পরিসরে সাফল্য অর্জন করবেন। লোকনৃত্যের মতো দেশীয় সংস্কৃতির শিকড়নির্ভর শিল্পচর্চায় আকাশের এই অর্জন চাঁদপুরের জন্যও একটি গর্বের বিষয়।