চাঁদপুরে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে জেলা পুলিশের বিভিন্ন পদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল থেকে নায়েক ও এটিএসআই; নায়েক থেকে এএসআই (সশস্ত্র); এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে এই পদোন্নতি পরীক্ষার মাঠ ক্যাম্পেইন ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ মিডিয়া সেল থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, উক্ত পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মো.মিজানুর রহমান।
প্যারেড পরীক্ষা ও মূল্যায়নকালে পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এবং ফেনী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম।
এছাড়াও পরীক্ষায় চাঁদপুর পুলিশ লাইন্সের সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই)-সহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকল পরীক্ষার্থী পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পূর্ণ স্বচ্ছতা ও পেশাদারিত্বের সাথে মাঠ ক্যাম্পেইন ও প্যারেড মূল্যায়ন সম্পন্ন হয়।