রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলওয়ে স্টেশন সংস্কারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের দাবি ও স্থানীয় জনসাধারণের প্রত্যাশা পূরণে বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টায় স্টেশন চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নন্দনগাছী রেলস্টেশন সংস্কার বাস্তবায়ন কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবু সাইদ চাঁদ। প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, নন্দনগাছী রেলস্টেশন এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ কেন্দ্র। দীর্ঘদিন ধরে স্টেশনটির অবকাঠামোগত সমস্যা ও যাত্রীদের দুর্ভোগের বিষয়টি স্থানীয় জনগণ বিভিন্নভাবে তুলে ধরেছেন। সংস্কারকাজ সম্পন্ন হলে যাত্রীসেবার মান উন্নত হবে এবং এলাকার মানুষের রেল যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে।
তিনি আরও বলেন, “নন্দনগাছী রেলস্টেশনের উন্নয়ন শুধু একটি স্টেশনের উন্নয়ন নয়, এটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন। রেলসেবাকে আধুনিক, নিরাপদ ও জনবান্ধব করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন এবং উপজেলা জামায়াত ইসলামীর আমিরআবুল কালাম আজাদ, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট। এ সময় আরও উপস্থিত ছিলেন নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মিজানুর রহমান, নন্দনগাছী বাজার কমিটির সভাপতি আব্দুল খালেকসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নন্দনগাছী রেলস্টেশন নানা সমস্যায় জর্জরিত ছিল। সংস্কারকাজ বাস্তবায়িত হলে যাত্রীদের ভোগান্তি কমবে, সেবার মান বাড়বে এবং এ অঞ্চলের সার্বিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর পর গত ৫ অক্টোবর নন্দনগাছী রেলওয়ে স্টেশনের ১ নম্বর লুপ লাইনে প্রথমবারের মতো একটি যাত্রীবাহী ট্রেনের যাত্রাবিরতি ঘটে। এর মধ্য দিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণ হয়। সেই ধারাবাহিকতায় স্টেশনটির সংস্কারকাজের উদ্বোধনকে এলাকাবাসী রেলসেবার উন্নয়নের নতুন অধ্যায় হিসেবে দেখছেন।