কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৪:৫২ পিএম
কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ

সুন্দরবনের জীববৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে খুলনার কয়রায় রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে সুন্দরবন কো-ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি), এফসিভি ও ভিসিএফের সদস্যরা অংশ নেন। সোমবার (১২ অক্টোবর) উপজেলার মানবকল্যাণ ইউনিটের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এ প্রশিক্ষণের আয়োজন করে। অক্সফ্যাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস (ইওউ৪ঈঔ) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কোডেকের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অফিসার মো. শামিমুল আরফিন সুমনের পরিচালনায় প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীন। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন  দাকোপ-কয়রা সুন্দরবন কো-ম্যানেজমেন্ট কমিটির ট্রেজারার মো. রিয়াছাদ আলী। এ সময় বক্তব্য দেন কোডেকের ফিল্ড অফিসার গাজী ফারুখ হোসেন, পিপলস ফোরামের (পিএফ) সভাপতি মোল্ল্যা মনিরুজ্জামান, সম্পাদক মিজানুর রহমান লিটন এবং সদস্য সাইফুল ইসলাম, খগেন্দ্রনাথ মণ্ডল, রেবেকা খাতুন ও রোজিনা খাতুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রশিক্ষণে বাস্তুতন্ত্রের ধারণা, বাস্তুতন্ত্র সংরক্ষণ ও পুনরুদ্ধারে করণীয়, জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাবে বাংলাদেশে সৃষ্ট বিভিন্ন পরিবেশগত ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গ্রিনহাউস ও গ্রিনহাউস গ্যাস সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মতামত ও সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে বাস্তুতন্ত্র সংরক্ষণ ও পুনরুদ্ধারে করণীয় নির্ধারণে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে