সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষিকা নিহত

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৫:৪৫ পিএম
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষিকা নিহত

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তাঁর স্বামী গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। নিহত শিক্ষিকার নাম শামীমা নাসরিন। তিনি উপজেলার ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি বিষয়ের শিক্ষক এবং বৈকারী গ্রামের মো. জালালউদ্দীনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শামীমা নাসরিন স্বামী আব্দুল মজিদের মোটরসাইকেলে করে বাবার বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মোল্লার মোড় এলাকায় একটি বাঁক ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত স্বামী আব্দুল মজিদকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে সাতক্ষীরা শহরের একটি ক্লিনিকে ভর্তি করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে