খুলনার নগরীতে টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন চালিয়ে সাজমীর ইসলাম (১৮) নামের এক তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানি। মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে মহানগরীর (কেএমপি) খানজাহান আলী থানাধীন মহেশ্বরপাশা এবং ফুলবাড়ীগেট পুলিশ বক্সের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-ফুলবাড়ী গেট এলাকার মৃত ওমর আলীর ছেলে আকাশ (২২) এবং দৌলতপুর থানার সেনপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে সাকিব (২১)।
এসআরবি-৬ খুলনার মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যাকাণ্ডের শিকার সাজমীর ইসলাম খানজাহান আলী থানাধীন কুয়েট ক্যাম্পাসের পকেট গেট এলাকার একটি চায়ের দোকানে কাজ করতেন। গত ৬ সেপ্টেম্বর গ্রেফতারকৃত আকাশ ও সাকিবসহ তাদের সহযোগীরা সাজমীরের বিরুদ্ধে ১ লাখ টাকা চুরির অপবাদ দেয়। একপর্যায়ে তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে কুয়েট মেডিকেল সেন্টারের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় ও স্বজনরা সাজমীরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মা শাহানারা বেগম বাদী হয়ে খানজাহান আলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআরবি-৬ এর আভিযানিক দল সাজমীর হত্যা মামলার এজাহারনামীয় উক্ত দুই আসামিকে আটক করে। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।