লালপুরে ৫শ ২৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৪:০২ পিএম
লালপুরে ৫শ ২৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

নাটোরের লালপুরে ৫শ ২৫ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর রাতে উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ লালপুর এলাকার ফরমান আলীর ছেলে আরিফুজ্জামান বাপ্পী (৪৮) এবং উত্তর লালপুর এলাকার মৃত আলম মোল্লার ছেলে জিল্লুর রহমান (৪১)। এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায় এসআরবির একটি দল। এ সময় মোটরসাইকেলে হেরোইন নিয়ে যাচ্ছিলেন আরিফুজ্জামান বাপ্পী। তাঁর কাছ থেকে হেরোইন নিয়ে জিল্লুর রহমানের কাছে বিক্রির উদ্দেশ্যে লালপুর বাজারের দিকে যাওয়ার সময় তাঁদের আটক করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অভিযানে তাঁদের কাছ থেকে ৫শ ২৫ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় মামলা করা হয়েছে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে