সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ধর্ম যার যার, অধিকার সবার দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি।
শুক্রবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নে গ্রামীণ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘দেশটা আমাদের সবার। ধর্মীয় ভেদাভেদ করে কাউকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না।’
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার প্রসঙ্গ টেনে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সবাই যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা-পার্বণ উদ্যাপন করতে পারেন, সে জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে কাজ করা হচ্ছে। এ সময় দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র ও গণতন্ত্রবিরোধী অপতৎপরতা মোকাবিলায় সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি জানান, পর্যায়ক্রমে দিনাজপুর-৬ আসনের সব কাঁচা রাস্তা পাকা করা হবে। এ ছাড়া সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বিতরণের জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। ধর্ম কিংবা রাজনৈতিক পরিচয় বিবেচনা করে নয়, সম্পূর্ণ কম্পিউটারভিত্তিক ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ডের প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হবে।
অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।