আশাশুনিতে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে আনসার সদস্যদের ব্রিফিং করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ ব্রিফিং অনুষ্ঠান হয়।
আনসার সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে নির্দেশনা প্রদান করে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ও থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমান। ব্রিফিংকালে বলা হয়, শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ, নিরাপদে ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয় সে জন্য পুলিশ ও আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকতে হবে। দায়িত্ব পালনে কোন অবহেলা বরদাশত করা হবে না। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। সন্দেহজনক ব্যক্তি বা বস্তু নজরে এলে দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। কোথাও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।