ঈশ্বরদীতে প্রশাসনের অভিযানে জেলিযুক্ত চিংড়ি মাছ উদ্ধার

এফএনএস (সেলিম আহমেদ; ঈশ্বরদী, পাবনা) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ০২:২৭ পিএম
ঈশ্বরদীতে প্রশাসনের অভিযানে জেলিযুক্ত চিংড়ি মাছ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে আবারও জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে এক খুচরা মাছ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সাথে জেলিযুক্ত ৩০ কেজি ক্ষতিকর চিংড়ি মাছ ধ্বংস করা হয়েছে।  ভুক্তভোগী ক্রেতাদের অভিযোগ, ধারাবাহিক অভিযানে জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ এবং ধ্বংস করা হলেও বাজারে বিক্রি হচ্ছে ক্ষতিকর এই চিংড়ি মাছ। তাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে আরো কঠোর নজরদারি এবং এই সীমিত পরিসরে নামমাত্র জরিমানা হওয়ার কারণে বন্ধ হচ্ছে না জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রি। শনিবার (১৭ অক্টোবর ) পৌর শহরের মাছ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা শাম্মি শিরিনসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ এবং থানা পুলিশের সদস্যরা। অভিযান সূত্রে জানা যায় পৌর শহরের মাছ বাজারে চিংড়ি মাছের ভেতরে ক্ষতিকর জেলি ঢ়ুকিয়ে বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির প্রমাণ পাওয়ায় এক ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৩০ কেজি জেলিযুক্ত ক্ষতিকর চিংড়ি মাছ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। উল্লেখ্য, গত্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে বিক্রির জন্য রাখা ১০ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে