ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের ৮০০ জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুর ১টায় ধুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ধুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে চাল তুলে দেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলে জেলেদের সরকারি সহায়তা দেওয়ার ক্ষেত্রে দল বা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হয়নি। প্রকৃত জেলেদের চিহ্নিত করে তাঁদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। পর্যায়ক্রমে আরও জেলেকে এ সহায়তার আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, “আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে আপনাদের সেবা করার দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদের খাদেম। আমি সবার, আর আপনারাও সবাই আমার। এখানে দলীয় পরিচয় দেখে কাউকে বিবেচনা করা হয় না। প্রকৃত অধিকারীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।” অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আনিচুর রহমান, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলাম এবং বাউফল পৌর জামায়াতের সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে মাছ ধরা থেকে বিরত থাকা জেলে পরিবারগুলোর জন্য সরকারিভাবে খাদ্যসহায়তা দেওয়া হয়।