নাজিরপুরে অর্ধশত যাত্রী নিয়ে কালিগঙ্গা নদীতে ট্রলারডুবি

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) :
| আপডেট: ২০ অক্টোবর, ২০২৬, ০৪:১০ পিএম | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ০৪:১০ পিএম
নাজিরপুরে অর্ধশত যাত্রী নিয়ে কালিগঙ্গা নদীতে ট্রলারডুবি

পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী কালীগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও ৬টি মোটরসাইকেল নিয়ে পারাপারের সময় একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় এক শিশু নিহত হয়েছে। ওই শিশুটির মা এখনো নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে শ্রীরামকাঠী-ভরতকাঠী খেয়াঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল নিয়ে কালীগঙ্গা নদী পার হওয়ার সময় ট্রলারটি ডুবে যায়। ঘটনাস্থল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় নিখোঁজ নারীকে দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর কর্মকর্তারা এবং নাজিরপুর থানা-পুলিশের সদস্যরা। নিখোঁজ নারীকে উদ্ধারে কালীগঙ্গা নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল।

আপনার জেলার সংবাদ পড়তে