ফেসবুকে প্রতিদিন নিউজফিডে শত শত পোস্ট আসে। এগুলোর মধ্যে কিছু কনটেন্ট আমাদের আগ্রহের সঙ্গে মেলে, কিছু মেলে না। তবে ফেসবুকের নতুন ফিচারে এই বিড়ম্বনার অবসান হতে চলেছে। কারণ ব্যবহারকারীদের নিউজফিডে কী ধরনের কনটেন্ট দেখানো হবে, তা নির্ধারণকারী অ্যালগরিদমের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এক্ষেত্রে সর্বশেষ পদক্ষেপ নিয়েছে প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান মেটা। মেটা তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ফিচার ‘ইওর অ্যালগরিদম’ চালুর ঘোষণা দিয়েছে। এর আগে ইনস্টাগ্রামে ফিচারটি চালু করেছিল প্রতিষ্ঠানটি। নতুন এই টুলের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের পছন্দের বিষয়গুলো স্বাভাবিক ভাষায় লিখে জানাতে পারবেন। এর ভিত্তিতে ফিড ও রিলসে কী ধরনের কনটেন্ট বেশি বা কম দেখতে চান, তা ব্যবহারকারীরাই নির্ধারণ করতে পারবেন। এত দিন স্বয়ংক্রিয় সুপারিশের ওপর নির্ভর করতে হলেও এখন ব্যবহারকারীরা সরাসরি প্ল্যাটফর্মকে জানাতে পারবেন, কোন বিষয়ের কনটেন্ট তারা বেশি বা কম দেখতে চান। মেটার তথ্যমতে, এই ফিচারের উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের জন্য আরও প্রাসঙ্গিক কনটেন্ট সুপারিশ করা। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী কনটেন্ট পরিবর্তন ও সমন্বয় করতে পারবেন এবং পোস্টের র্যাঙ্কিং ও সুপারিশ নির্ধারণকারী অ্যালগরিদমের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এসব পরিবর্তনের প্রভাবও সুপারিশে তাৎক্ষণিকভাবে দেখা যাবে। এছাড়া ফেসবুকের তিন ডটের মেনুতেও পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি। ফলে কোনো পোস্ট থেকেই সহজে কনটেন্ট দেখার পছন্দ নিয়ন্ত্রণ করা যাবে। মেনু খুলে ব্যবহারকারীরা ‘ইওর অ্যালগরিদম’ অপশনে যেতে পারবেন অথবা নির্দিষ্ট কোনো কনটেন্ট পছন্দ হলে ‘ইন্টারেস্টেড’ এবং অপছন্দ হলে ‘নট ইন্টারেস্টেড’ নির্বাচন করে নিজেদের মতামত জানাতে পারবেন। মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা কোন ধরনের কনটেন্ট পছন্দ বা অপছন্দ করছেন তা আরও ভালোভাবে বুঝতে ফেসবুক অতিরিক্ত প্রশ্ন করতে পারে। এর মাধ্যমে ব্যবহারকারীরা আরও বিস্তারিত মতামত জানাতে পারবেন। কোন ধরনের কনটেন্ট বেশি বা কম দেখতে চান, তা ব্যাখ্যা করার সুযোগও থাকবে। এসব প্রতিক্রিয়ার ভিত্তিতে ফেসবুক তাদের কনটেন্ট সুপারিশ আরও উন্নত করতে পারবে। ‘ইওর অ্যালগরিদম’ চালুর মধ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভিজ্ঞতায় ব্যবহারকারীদের আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়ার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে কাজ করছে মেটা। কনটেন্ট খুঁজে পাওয়ার ক্ষেত্রে এআইয়ের ভূমিকা বাড়তে থাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচলিত স্বয়ংক্রিয় সুপারিশব্যবস্থার পরিবর্তে ব্যবহারকারীদের পছন্দকে আরও গুরুত্ব দেওয়ার দিকে এটি একটি পদক্ষেপ। একই সঙ্গে এর মধ্য দিয়ে ব্যক্তিগত আগ্রহ ও পছন্দ অনুযায়ী কনটেন্ট সুপারিশ করার সুযোগ দেওয়া স্ট্রিমিং সেবাগুলোর ব্যবস্থার কাছাকাছি যাচ্ছে ফেসবুক। তবে মেটার অন্যান্য প্ল্যাটফর্মে এই ফিচার আগেই দেখা গেছে। গত জুনে ইনস্টাগ্রামে ‘ইওর অ্যালগরিদম’ চালু করা হয়। ২০২৫ সালের ডিসেম্বরে প্রথমে রিলসের জন্য ফিচারটি চালুর পর জুনে ফিড ও এক্সপ্লোরেও কনটেন্ট সাজানোর পছন্দ নিয়ন্ত্রণের সুযোগ বাড়ানো হয়। এদিকে থ্রেডসেও একই ধরনের একটি ফিচার চালু করেছে মেটা। ‘ডিয়ার অ্যালগো’ নামের এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের জন্য সুপারিশ করা কনটেন্টের ধরন নিয়ন্ত্রণে প্রভাব রাখতে পারেন।