ময়মনসিংহ-১০ (গফরগাঁও- দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা, অধিকার ও মর্যাদায় বিশ্বাসী। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবেন। এ দেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নন, সবাই সমান নাগরিক। প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বৈষম্য, অন্যায় কিংবা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে গফরগাঁও পৌর এলাকায় বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এমপি আক্তারুজ্জামান বাচ্চু বলেন, এ বছর অত্যান্ত যত্ন করে রেখে সুন্দর পরিবেশে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদ্যাপিত হচ্ছে। এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা মানুষের মর্যাদায় বিশ্বাস করি। কারও প্রতি কোনো ধরনের অবিচার, অন্যায় বা জুলুম করা হলে সরকার কঠোরভাবে তা দমন করবে। সব ধর্মের মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে তাঁদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। তিনি আরও বলেন, বাংলাদেশ প্রাচীনকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে পাশাপাশি বসবাস করে আসছেন। একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়েছে। এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বৈষম্যহীন, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছেন। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ,সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহফুজুর রহমান, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান সেখ, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহবায়ক মোঃ ফজলুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী চিত্তরঞ্জন ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়, সাধারণ সম্পাদক শ্রী অনিল রায়সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এবং বিভিন্ন পূজামণ্ডপের পূজা উদ্যাপন কমিটির কর্মকর্তারা।