মুক্তিযোদ্ধা মুক্তাঙ্গন’ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত মঞ্চটি অসাধু ব্যবসায়ীদের দখলে

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ০২:০৫ পিএম
মুক্তিযোদ্ধা মুক্তাঙ্গন’ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত মঞ্চটি অসাধু ব্যবসায়ীদের দখলে

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহ্যবাহী ফকিরগঞ্জ বাজারের ‘মুক্তিযোদ্ধা মুক্তাঙ্গন’ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত মঞ্চটি দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সর্বজনীন এই উন্মুক্ত স্থানটি স্থানীয় কতিপয় অসাধু ব্যক্তি ব্যবসায়ীদের কাছে বিক্রি বা পজেশন হস্তান্তর করেছে বলে অভিযোগ উঠেছে। ​স্থানীয় সূত্র জানায়, ফকিরগঞ্জ বাজারের এ স্থানটি মূলত মুক্তিযোদ্ধা মুক্তাঙ্গন হিসেবে পরিচিত। যেকোনো জাতীয় দিবস, আলোচনা সভা, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের একমাত্র ভরসাস্থল ছিল এই মঞ্চ ও আশপাশের চত্বর। এছাড়া হাটে-বাজারে আসা দূর-দূরান্তের মানুষ ও পথচারীরা একটু জিরিয়ে নেয়া বা বিশ্রামের জন্য স্থানটি ব্যবহার করতেন।​কিন্তু সাম্প্রতিক সময়ে কতিপয় ব্যক্তির ছত্রছায়ায় পুরো স্থানটি ব্যবসায়ীদের দখলে চলে গেছে। তৈরি করা হয়েছে স্থায়ী ও অস্থায়ী দোকানপাট। ফলে বর্তমানে সেখানে কোনো অনুষ্ঠান আয়োজন তো দূরের কথা, সাধারণ মানুষের দাঁড়ানোর মতো বিন্দুমাত্র জায়গা অবশিষ্ট নেই। ​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, “মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত একটি উন্মুক্ত স্থান এভাবে কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে হাতবদল হয়ে দখল হয়ে যাবে-তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হাটে আসা সাধারণ মানুষ একটু বসে জিরোবে, সে উপায়ও এখন আর নেই।”​এলাকাবাসীর দাবি, ঐতিহাসিক ও জনগুরুত্বপূর্ণ এই মুক্তিযোদ্ধা মুক্তাঙ্গনটি অতি দ্রুত অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা হোক। একই সাথে বিষয়টি নিয়ে সঠিক তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মুক্তাঙ্গনের আগের পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে