সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশিকে আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। এ সময় মানব পাচারকারী চক্রের আরও দুই সদস্য পালিয়ে গেছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির আওতাধীন আরমান ছড়া সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার মো. আবুল হোসেন (৪২), শার্শা উপজেলার বেনাপোল এলাকার নবিস উদ্দিনের মেয়ে ফাতেমা (১৮) এবং স্থানীয় পাচারকারী দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে মো. আমির। ২৮ বিজিবি সূত্র জানায়, আটক আবুল হোসেন ও ফাতেমার ভারতে আত্মীয়স্বজন রয়েছেন। তাদের সীমান্ত পার করে দিতে চুক্তি করেন স্থানীয় পাচারকারী আমির। ঘটনার দিন অর্থের বিনিময়ে তাদের ভারতীয় দালালদের হাতে তুলে দিতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করা হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে বাঁশতলা বিওপির বিজিবি সদস্যরা আরমান ছড়া সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করেন। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্য দোয়ারাবাজারের অনিক মিয়া (২৪) ও আলাউদ্দিন (৫৪) কৌশলে পালিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ সীমান্ত পারাপার ও মানবপাচারের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।