চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৭ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "চাঁদপুর সদরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে সকল দফতরকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।"
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এন এম জামিউল হিকমা-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ এবং উপজেলা প্রকৌশলী মোঃ রাহাত আমিন পাটওয়ারী। সভায় সদর উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং ইউনিয়নভিত্তিক চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। মাদক ও ইভটিজিং প্রতিরোধ,সরকারি খাস জমি সংরক্ষণ, নদীর তীরবর্তী নিরাপত্তা, বাজার দর নিয়ন্ত্রণ এবং রাস্তাঘাট সংস্কারে দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।