জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ০৪:০১ পিএম
জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন তারেক রহমানের
ছবি: সংগ্রহীত

জাপানের চিবা প্রিফেকচারের ফুতসু শহরে অবস্থিত জেরা’র (জেইআরএ) স্থলভিত্তিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সফরের অংশ হিসেবে মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা আড়াইটায় তিনি এসব স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন পরিদর্শনের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি টার্মিনাল পরিদর্শন করেছেন।

সফরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের জ্বালানি খাতের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে জাপানের প্রযুক্তি এবং অভিজ্ঞতা সম্পর্কে ধারণা নেওয়ার লক্ষ্যেই এ পরিদর্শন কর্মসূচি রাখা হয়। তবে এ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কোনো চুক্তি, সমঝোতা বা নতুন সহযোগিতার সিদ্ধান্তের তথ্য জানানো হয়নি।

জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এ ছাড়া ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদও এ সময় উপস্থিত ছিলেন। সফরসঙ্গীদের মধ্যে আরও ছিলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

পররাষ্ট্রসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন।

জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সফরসঙ্গীদের নিয়ে চিবা প্রিফেকচারের ইচিকাওয়া শহরে অবস্থিত নিটসু (Nittsu) লজিস্টিকস হাব পরিদর্শন করেন। জাপানের স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান।

জাপান সফরের এ কর্মসূচিতে জ্বালানি অবকাঠামোর পাশাপাশি লজিস্টিকস বা পণ্য পরিবহন ও ব্যবস্থাপনাসংশ্লিষ্ট স্থাপনাও পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। তবে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শনে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে