নীলফামারী সদর উপজেলার পিলারের বাজার এলাকায় পরিবেশ দূষণের দায়ে মেসার্স রাফি অটো রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৭ অক্টোবর পরিবেশ অধিদপ্তর,নীলফামারী জেলা কার্যালয় ও নীলফামারী সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে রাইস মিলের কার্যক্রম থেকে সৃষ্ট ছাইয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকা এবং ওই ছাইয়ের মাধ্যমে পরিবেশ দূষণের বিষয়টি উঠে আসে। এ অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিবেশসম্মত উপায়ে অটো রাইস মিল পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর,নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযান পরিচালনায় নীলফামারী সদর উপজেলা আনসার বিভাগের একদল চৌকস সদস্য সহযোগিতা করেন।