নীলফামারীর সৈয়দপুর শহরের হাতিখানা ক্যাম্পে মাদক নির্মূলে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর রাতে ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর মাদক নির্মূল কমিটির আহ্বায়ক, সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু। সভায় হাতিখানা ক্যাম্পের সচেতন নাগরিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। বক্তারা বলেন, সম্প্রতি সৈয়দপুরে মাদকের বিরুদ্ধে সচেতন নাগরিকদের মধ্যে ব্যাপক ঐক্য গড়ে উঠেছে। শুধু মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক সম্পূর্ণ নির্মূলের লক্ষ্য নিয়ে শহরবাসী সম্মিলিতভাবে মাঠে নেমেছেন। তাঁদের এ উদ্যোগ ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। মাদক নির্মূলে সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকার কারণে মাদকসেবী ও মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলেও সভায় আলোচনা করা হয়। তবে মাদকের বিরুদ্ধে কাজ করতে গিয়ে কমিটির অনেক সদস্যকে মামলার আসামি হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। এরপরও মাদক নির্মূলের কার্যক্রম থেকে পিছিয়ে যাননি কমিটির সদস্যরা। প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. রেজাউল করিম রেজা বলেন, “মাদক একটি ভয়াবহ ব্যাধি। তাই সবাইকে মাদককে না বলতে হবে। মাদকের সঙ্গে যারা জড়িত, তাদের সম্পর্কে তথ্য ও তালিকা দিয়ে প্রশাসনকে সহযোগিতা করুন।
তিনি মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।