খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ সন্ত্রাসী আশিক বাহিনীর শুটার জনিকে (২২) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। রোববার (১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত জনি খুলনার চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত দেড়টার দিকে এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি খুলনার সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্ত্রাসী আশিক গ্রুপের শুটার জনিকে ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি দুনলা বন্দুক এবং ১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি জানায়, গ্রেফতারকৃত জনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। প্রাথমিক পর্যালোচনায় জনির বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা এবং হত্যাচেষ্টাসহ অন্তত চারটি মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ তাকে খুলনার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।