ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাফর ইকবাল মোল্লা। বিকেলে শেখপাড়া বাজারে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতার ঘোষণা দেন তিনি। এ উপলক্ষে নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে একটি ব্যানারও উন্মোচন করেন। শেখপাড়া বাজারে নির্বাচনী অঙ্গীকারের ব্যানার উন্মোচনের মধ্য দিয়ে নিজের নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন জাফর মোল্লা। প্রার্থিতা ঘোষণার পর স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি।
প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে শেখপাড়া বাজারে স্থানীয় মানুষের উপস্থিতিতে এক মিলনমেলার পরিবেশ তৈরি হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহিদুল মন্ডল,বীর মুক্তিযোদ্ধা মো. তবিবর জোয়ার্দার, শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর জোয়ার্দার, শেখপাড়া বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. হাকিম মোল্লা,৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গাজী শেখ। এ ছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রার্থিতা ঘোষণার পর জাফর ইকবাল মোল্লা বলেন,'ত্রিবেণী ইউনিয়নের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। অতীতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় কাজ করার চেষ্টা করেছি। আবারও দায়িত্ব পাওয়ার সুযোগ হলে ইউনিয়নের রাস্তাঘাট,শিক্ষা,স্বাস্থ্যসেবা,মাদক-সন্ত্রাসমুক্ত, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে অগ্রাধিকার দেব। কোনো প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাই না। জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি পরিকল্পিত ইউনিয়ন গড়ে তুলতে চাই।