কুড়িগ্রামের রাজারহাটে কিশোর-কিশোরীদের অভিজ্ঞতা বিনিময়, আত্মবিশ্বাস বৃদ্ধি ও অধিকার প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সিডস) কর্মসূচির আওতায় এ সভার আয়োজন করা হয়। স্থানীয় বিভিন্ন কিশোরী ফোরামের সদস্যদের উদ্যোগে স্ট্রোমে ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সংলাপ কিশোরী মোছা: জাকিয়া জেমির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা কো- অডিনেটর মো: অহিদুদ জামান সেতু, প্রজেক্ট অফিসার শিক্ষা চম্পা তিকি ও প্রজেক্ট অফিসার মো: সুফল ইসলাম প্রমূখ।
সভায় ইএসডিওর উন্নয়নকর্মীরা প্রকল্পের লক্ষ্য, কমিউনিটিভিত্তিক সংগঠন (সিবিও) কার্যক্রম, কিশোর-কিশোরীদের অধিকার ও মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করেন। এ সময় বিভিন্ন এলাকার কিশোরী ফোরামের সদস্যরা নিজেদের কার্যক্রম, অভিজ্ঞতা ও অর্জন নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পরে তাঁরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
প্রধান অতিথির বক্তব্যে জয়ন্তী রানী বলেন, কিশোরীদের মধ্যে অনেক প্রতিভা ও উদ্যোক্তা হওয়ার গুণাবলি রয়েছে। সংলাপ সেন্টার ও সিবিও প্ল্যাটফর্ম তাদের প্রতিভা বিকাশের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। কোথাও বাল্যবিয়ের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ১০৯ নম্বরে ফোন করে সহায়তা নিতে হবে। কিশোরীদের উন্নয়ন ও বাল্যবিয়ে প্রতিরোধে মহিলা বিষয়ক কার্যালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। সভায় ইএসডিও-সিডস প্রকল্পের বিভিন্ন পর্যায়ের উন্নয়নকর্মী এবং কিশোরী ফোরামের সদস্যরা অংশ নেন