পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বদরতলায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে প্রাপ্ত অনুদানের অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির আমগাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকাল ৫টায় বদরতলা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও আশাশুনি উপজেলা সমাজসেবা অফিসের সার্বিক সহযোগিতায় এবং বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান মৌমাছি এর উদ্যোগে কর্মসূচিতে এলাকার প্রান্তিক জনগোষ্ঠী, প্রতিবন্ধী, বিধবা, তালাকপ্রাপ্ত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যসহ সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। মৌমাছি প্রতিষ্ঠানের সভাপতি রঞ্জনদেব বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোভনালী ইউপি সদস্য সুভাষ চন্দ্র মণ্ডল। স্বাগত বক্তব্য দেন হাজী জালালউদ্দিন আদর্শ কলেজের প্রভাষক মো: আকবর আলী ও বদরতলা জে.এস.সি. মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কানাই লাল মণ্ডল। এ সময় সনাতন ধর্ম জাগরণী সংঘের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সরকার, ডাঃ সাহেব আলী খাঁ, সমাজসেবক হরেন্দ্র নাথ সরকার, আশাশুনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি নিরঞ্জন মাহাত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, তরুণ সমাজ ও উপকারভোগীরা। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তারা আরও বলেন, বৃক্ষরোপণকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিটি চারার পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। রোপণ করা চারা পরিণত গাছে রূপ নিলেই এ উদ্যোগের প্রকৃত সুফল পাওয়া সম্ভব। এজন্য সামাজিক সংগঠন, যুবসমাজ ও স্থানীয় জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত সবাই রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় ব্যক্তি, সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে আরও বেশি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন মিউজিশিয়ান প্রশান্ত মিস্ত্রি।