সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল সড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাস বয়সী এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মহাসড়কের বিরাইমারা সেতু ও ফেরিঘাট কাটাগাং এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত শিশুটির নাম আয়াত (৩ মাস)। সে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম মাখেরপাড়া গ্রামের হাসানুজ্জামানের ছেলে। অপর দুর্ঘটনায় নিহত দুজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে জৈন্তাপুরের বিরাইমারা সেতুর কাছে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চার থেকে পাঁচজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর জৈন্তাপুর থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক শিশু আয়াতকে মৃত ঘোষণা করেন।
তামাবিল হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই নাজমুল হক জানান, প্রাইভেট কার দুটির মুখোমুখি সংঘর্ষে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহতদের মধ্যে একজন পথচারীও রয়েছেন। আহত মারজানা আক্তার (৩৫) পায়ে গুরুতর আঘাত নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে, দুপুর সোয়া ১২টার দিকে একই মহাসড়কের জৈন্তাপুরের ফেরিঘাট কাটাগাং এলাকায় জাফলংগামী পর্যটকবাহী একটি বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় হাইওয়ে পুলিশ ও জৈন্তাপুর থানা পুলিশ তাঁদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হাসপাতালে দায়িত্ব পালনকারী এসআই আনোয়ারুল ইসলাম জানান, বাস ও ট্রাকের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। এ ঘটনায় আহত আরও পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে সিলেট কোতোয়ালি থানার পল্লবী রোড এলাকার বাসিন্দা আলী আহমদের ছেলে কাওসার (৪৮), তাঁর মেয়ে আতিশা (১০) ও ছেলে আলিফ (১৬) রয়েছেন।