চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফুটবলার আব্দুল বাশিরকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা বারোটার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। খেলোয়াড় ক্রীড়ামোদি ও ক্রীড়া সংগঠকবৃন্দের আয়োজন ও ব্যানারে ঘন্টা ব্যাপি চলে এই মানববন্ধন।
মানববন্ধনে বক্তব্য দেন রহনপুর ক্রীড়া একাডেমির সভাপতি সাখাওয়াত হোসেন, রহনপুর ক্রীড়া একাডেমির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (সাগর), সাবেক খেলোয়াড় মাসুদ রানা পালানু, রহনপুর ফুটবলার দলের সদস্য আজিজুল ইসলাম, সাবেক খেলোয়াড় ইউসুফ আলী, সাবেক খেলোয়াড় সামিউল ইসলাম বকুল, তহিদুজ্জামান প্রমুখ। পরে বর্তমান ও সাবেক ফুটবল খেলোয়াড়রা বিচার চেয়ে ইউএনও'র কাছে আবেদন করেছেন।
এ বিষয় নিয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি মুঠো ফোনে বলেন, স্মারকলিপি দিয়েছে শুনলাম, আমি জেলায় মিটিংয়ে আছি স্মারকলিপি দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে অবগত করা হবে।
প্রসঙ্গত : গত ২৭ জুন আলিনগর স্কুল এন্ড কলেজ মাঠে কৃতি ফুটবলার আব্দুল বাশির কে লাঞ্ছিত করা হয়। এ ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন বক্তারা।