'প্রযুক্তি ও মমতায়,কল্যান ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়' প্রতিপাদ্যে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়াম রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ। এসময় উপকার ভোগীদের মধ্যে সুদমুক্ত ক্ষুদ্রঋণ,সুবর্ণ নাগরিক কার্ড ও সহায়তা উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ বলেন, দরিদ্র ও অসহায়দের সহযোগীতা-সামাজিক নিরাপত্তা প্রদানে নানা কর্মকাণ্ড পরিচালনা করে থাকে সমাজসেবা অধিদপ্তর। আগামীতে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের সহযোগীতায় আরো বরাদ্দ বাড়ানোর কথা জানান তিনি।