নির্বাচন থেকে না সরলে বিএনপি প্রার্থীকে হাদির মতো হত্যার হুমকি

এফএনএস অনলাইন:
| আপডেট: ৪ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৫ পিএম | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৯ পিএম
নির্বাচন থেকে না সরলে বিএনপি প্রার্থীকে হাদির মতো হত্যার হুমকি
ছবি, সংগৃহিত

এবার নির্বাচন থেকে সরে না দাঁড়ালে বিএনপি প্রার্থীকে ওসমান হাদির মতো পরিণতি হবে বলে চিঠি দেওয়া হয়েছে। কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে এই চিঠি দেওয়া হয়েছে রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে। 

বিষয়টি নিশ্চিত করেছেন প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী নিজেই।

চিঠিতে উল্লেখে করা হয়েছে- 'আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।'

এ বিষয়ে শাহজাহান চৌধুরী জানান, ‘পোস্ট অফিসের মাধ্যমে চিঠি দেয়া হয়েছে। আমাদের এলাকায় কিছু সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। তারা দিতে পারে। তবে আমরা এ বিষয়ে সতর্ক আছি।’

তিনি আরও জানান, ‘হুমকি দিয়ে আমাকে দুর্বল করতে চাচ্ছে। তবে তা পারবে না। আমার ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। তবে এসব করে আমাকে কেনা যাবে না। মানুষের মৃত্যু একবার হবেই। এটা নিয়ে আমি বেশি চিন্তা করি না।’

এ ব্যাপারে উখিয়া থানার ওসি নূর আহমদ বলেন, বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি থানায় নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পুলিশ তদন্তের নেমেছে। এ ছাড়া ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।