ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মচিমহা) নতুন ভবনের ছয় তলার শিশু ওয়ার্ডের সাব স্টোরে (মেট্রেস স্টোর) শনিবার বিকেল পৌনে ৫টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থল পৌঁছে এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সাব স্টোরের সকল মালামাল ও মেট্রেস পুড়ে যায়। এদিকে আগুন লাগার খবরে এবং সাব স্টোরে মেট্রেস থাকায় আগুনের প্রচন্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় বিভিন্ন ওয়ার্ড। এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে রোগী ও স্বজনরা দিগ্বিদিক ছুটোছুটি করে সিঁড়ি বেঁয়ে নীচে নেমে আসে। কিন্তু হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হাসপাতাল জুড়ে। হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, কিভাবে আগুনের সূত্রপাত সেটি এখনো জানা যায়নি। শিশু ওয়ার্ডের যে সাব স্টোরে আগুন লেগেছে, সেখানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার সুযোগ কম। তবে আগুনের সূত্রপাত নিয়ে ফায়ার সার্ভিস ও বিদ্যুত বিভাগের লোকজন বিষয়টি খতিয়ে দেখছে। হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার জানান, ৬ তলার শিশু ওয়ার্ডের সাথে একটি সাব স্টোর রয়েছে। সেখানে অতিরিক্ত মেট্রেস ও বেডশীট থাকে। সেটির দরজাও বন্ধ থাকে। কিন্তু সেখানে আগুন লাগার কোনো সুযোগ নেই। তিনি জানান, পাশে একটি বাথরুম রয়েছে। সেখানে রোগীর স্বজনরা বিড়ি-সিগারেটের আগুন অসাবধনতাবশত ফেলতে পারে। প্রত্যক্ষদর্শী শিশু ওয়ার্ডের রোগী ও স্বজনরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ ওয়ার্ডটি কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এরপর সবাই দিগ্বিদিগ ও হুড়োহুঁড়ি করে সিঁড়ি বেঁয়ে রাস্তায় নেমে আসি। তারা জানায়, যে কক্ষটিতে আগুন লাগে সেখানে অতিরিক্ত বিছানা, বেডশীট ও অন্যান্য সরঞ্জাম ছিলো। আগুনে ওই কক্ষের সবকিছু পুড়ে যায়।