দেশব্যাপী নির্যাতিত সাংবাদিকদের পাশে বিএমএসএফ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৫ এএম
দেশব্যাপী নির্যাতিত সাংবাদিকদের পাশে বিএমএসএফ

সাংগঠনিক ঐক্য সুদৃঢ়করণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সাংবাদিক সমাজের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিসহ দেশব্যাপী সকল নির্যাতিত সাংবাদিকদের পাশে সর্বদা কাজ করে যাচ্ছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সাংবাদিকদের কল্যানে বিএমএসএফ দীর্ঘদিন থেকে রাষ্ট্রের কাছে ১৪ দফা দাবি জানিয়ে আসছে। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিএমএসএফ রাজপথে থাকবে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-র কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা, শোভাযাত্রা, সমাবেশ ও দুই দিনব্যাপী সাংবাদিকদের মিলনমেলা পূর্ণভূমি সিলেটে সম্পন্ন হয়েছে। দুইদিনের অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেছেন-দেশের একমাত্র নিবন্ধনভূক্ত সাংবাদিক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সিলেট নগরীর ঐতিহ্যবাহী মুসলিম সাহিত্য সংসদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সংগঠক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে উপস্থিত সাংবাদিকরা হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুসলিম সাহিত্য সংসদ অডিটোরিয়ামের সভাস্থলে আসে। ১৬ জানুয়ারি দিবাগত রাতে সংগঠনের পক্ষ থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে, গত ১৪ জানুয়ারি বেলা এগারোটায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে বিএমএসএফ'র নতুন গান ও মিডিয়া ক্যানভাসের মোড়ক উন্মোচন করা হয়। পরে নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা শেষে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, আদর্শিক অবস্থান এবং আগামীদিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। বিএমএসএফ'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদারের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএমএসএফ'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, সহ-সভাপতি মো. মোফাজ্জেল হোসেন, হাকিম রানা, সফিকুল ইসলাম ভূঁইয়া, জাহেদ চৌধুরী, অনুষ্ঠান উদযাপন পরিচালনা কমিটির আহবায়ক নুরুল হুদা বাবু সহ অন্যান্যরা। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১৫ জানুয়ারি সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। প্রাণবন্ত আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ আড্ডার মধ্যদিয়ে মিলন মেলা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে