পিরোজপুরে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৪ পিএম
পিরোজপুরে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন

পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) দুই ইন্সট্রাক্টরের বিরুদ্ধে  ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করেছে স্থানীয়রা। আজ রোববার দুপুরে  সিভিল ইন্সট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর কবির আলম এর বিরুদ্ধে ঘুষ গ্রহন ও দুর্নীতির  অভিযোগ এনে পিরোজপুর টিটিসির সামনে এ মানববন্ধন রচিত হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনকালে বক্তারা অভিযোগ করেন, বিদেশগামী কর্মীদের জন্য বাধ্যতামূলক তিনদিনের প্রি-ডিপার্চার ট্রেনিং এবং সৌদি আরবগামী কর্মীদের তাকামল (ঞধশধসড়ষ) এসেসমেন্ট পরীক্ষায় টাকার বিনিময়ে পাস ও ফেল করানোর বাণিজ্য চালিয়ে আসছেন অভিযুক্ত দুই প্রশিক্ষক। যারা ঘুষ দিতে পারেন তাদের সহজেই পরীক্ষায় উত্তীর্ণ করা হয়, আর যারা দিতে অস্বীকৃতি জানান তাদেরকে ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়। এতে করে অনেক যোগ্য ও দক্ষ কর্মী বিদেশে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দীর্ঘদিন ধরে এ অনিয়ম ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে বিভিন্নভাবে অন্তত: ১০ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে বলেও তারা দাবি করেন। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত  কমিটি গঠন করে এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে তাদেরকে  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধন থেকে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের দুর্নীতি দেশের শ্রমবাজার ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তির জন্য হুমকিস্বরূপ। এ বিষয়ে পিরোজপুর টিটিসি’র ইন্সট্রাক্টর (সিভিল)  কামরুল হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবী করে বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানিনা, আমার নামে সব মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে