অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে চীনের কাছে পাঠানো হয়েছে এবং অর্থায়ন সংক্রান্ত বিষয়েও চূড়ান্ত আলোচনা সম্পন্ন হয়েছে। বর্তমানে চীনা সরকারের একটি বিশেষজ্ঞ দল প্রকল্পটি যাচাই-বাছাই করছে। তাদের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। ১৮ জানুয়ারি নীলফামারীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ পথচলা। উল্লেখ্য, নীলফামারীতে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট ২০২৬, দেশের চাবি আপনার হাতে এই স্লোগানকে ধারণ করে ‘ভোটের গাড়ি’ কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে রোববার দুপুর ২টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় ছিলেন নীলফামারী জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার,রাজনৈতিক দলের নেতাকর্মী,সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ সাধারণ জনগন।