আগত জাতীয় সংসদ নির্বাচন বেশ জমে ওঠেছে। তারই রেশ ধরে নীলফামারী - ৪ আসন ( সৈয়দপুর ও কিশোরগঞ্জ) এলাকায় প্রচারাভিযানে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম। ১০ দলীয় জোটের প্রার্থী নিয়ে এ আসনে এতোদিন সন্দেহ ছিল। সেই সন্দেহ এখন আর নেই। এ আসনে ১০ দলীয় জোটের প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আনুষ্ঠানিক ভাবে সংসদ সদস্য প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিমের নাম ঘোষণা করে কেন্দ্রীয় জামায়াতে ইসলামী। ১৮ জানুয়ারি রাতে সৈয়দপুরে জামায়াতের নির্বাচনি কার্যালয়ে এক সমাবেশে তার নাম ঘোষণা দেওয়া হয়। কেন্দ্রীয় জামায়াতের পক্ষে নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার প্রার্থী ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় তিনি বলেন, নীলফামারী-৪ আসনে ইসলামী মূল্যবোধ, সৎ নেতৃত্ব ও জনকল্যাণমূলক রাজনীতিকে প্রতিষ্ঠা করতেই হাফেজ আব্দুল মুনতাকিমকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সমাবেশে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-৪ আসনের প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম, উপজেলা সেক্রেটারি মাযহারুল ইসলাম, সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খান, সেক্রেটারি ওয়াজেদ আলী, কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ এবং সেক্রেটারি ফেরদৌস রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি আব্দুল মোমেন, সাবেক আমীর মাওলানা লুৎফর রহমান, সাবেক আমীর গোলাম মোস্তফা, কিশোরগঞ্জ শ্রমিক ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতনসহ সৈয়দপুর শহর, উপজেলা ও কিশোরগঞ্জ উপজেলার কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রার্থী হিসেবে ঘোষণা পাওয়ার পর বক্তব্যে হাফেজ আব্দুল মুনতাকিম বলেন,নীলফামারী-৪ আসনের সাধারণ মানুষের অধিকার,ন্যায়বিচার এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আমি সর্বাত্মকভাবে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে একটি কল্যাণমূলক সমাজ গঠনে আমি প্রতিশ্রুতিবদ্ধ।