বরিশাল নগরীতে ভরাট হচ্ছে শতবর্ষী দীঘি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১৯ জানুয়ারী, ২০২৬, ১০:৩৩ এএম | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ১০:৩৩ এএম
বরিশাল নগরীতে ভরাট হচ্ছে শতবর্ষী দীঘি

বরিশাল নগরীতে একটি শতবর্ষী দীঘি অবৈধভাবে ভরাট করার অভিযোগ উঠেছে। বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন ১ নম্বর ওয়ার্ডের সরদার সড়কের ভেতরে ড্রেজারের পাইপ ব্যবহার করে দীঘিটি ভরাট করা হচ্ছে। স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানিয়েছেন-দীঘিটি প্রায় শত বছরের পুরনো। অতীতেও দীঘিটি ভরাটের চেষ্টা করা হয়েছিল। তবে সে সময় তা সম্ভব হয়নি। বর্তমানে আবারও দীঘিটি ভরাট করা হচ্ছে। দীঘিটির পাশের এক দোকানী জানান, ভরাটকৃত জমির মালিক বাবুগঞ্জ এলাকায় বসবাস করেন। তবে তিনি মালিকের বিস্তারিত পরিচয় জানেন না। পরে ভরাটকৃত জমিতে টানানো সাইনবোর্ড থেকে জানা যায়, ক্রয় সূত্রে জমিটির মালিক শহিদুল ইসলাম। এলাকাবাসী জানিয়েছেন-ড্রেজারের পাইপ দিয়ে বালু সরবরাহ করছেন মো. কোটন নামের এক ব্যক্তি। যিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। এর আগেও একই এলাকার বেঙ্গল বিস্কুট কারখানা সংলগ্ন একটি পুকুর ভরাটের ঘটনায় তার নাম উঠে আসে। এ বিষয়ে বালু সরবরাহকারী মো. কোটনের সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সালিশে আছেন জানিয়ে ফোনের লাইন বিচ্ছিন্ন করে তা বন্ধ করে রাখেন। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি শুনেছি। সরেজমিনে লোক পাঠিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ অধিদপ্তরের বরিশাল জেলার সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন বলেন-বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে বলেন-একটি ঘণবসতিপূর্ণ শিল্প এলাকায় জলাশয় ভরাটের ফলে ভয়াবহ জনদুর্ভোগ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দীঘিটি ভরাট হলে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হবে। উল্লেখ্য, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এবং জলাশয় সংরক্ষণ আইন ২০০০ অনুযায়ী কোনো প্রকার জলাশয় ভরাট বা শ্রেণী পরিবর্তন আইনত দণ্ডনীয় অপরাধ। আইন অনুযায়ী অনুমোদন ছাড়া জলাশয় ভরাট করলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। সচেতন নগরবাসীর দাবি, অবিলম্বে দীঘি ভরাট কার্যক্রম বন্ধ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে নগরীর পরিবেশ, জনস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

আপনার জেলার সংবাদ পড়তে