মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। বসতঘরের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, আমেনা বেগম (৩২) ও তার মেয়ে মরিয়ম (৮)।
উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১টার দিকে নিহতদের নিজ বসতঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আমেনা বেগম তার দিনমজুর স্বামী মিজান মিয়া ও শিশুকন্যা মরিয়মকে নিয়ে ওই এলাকার স্থানীয় নুরুজ্জামান সরকারের ভাড়া বাড়িতে বসবাস করতেন। মাত্র ৪ মাস আগে ভাড়া বাসাটিতে বসবাস শুরু করেন তারা।সোমবার সকালে বাড়ির অন্যান্য প্রতিবেশী ও স্থানীয়রা নিহতদের কোন সাড়া না পেয়ে ঘরের দরজায় ধাক্কা দিলে ভেতরে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।