সিলেটে এনসিপি প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) :
| আপডেট: ১৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৪ পিএম | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৪ পিএম
সিলেটে এনসিপি প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এহতেশামুল হকের মনোনয়নপত্র আপিল শুনানি শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে এনসিপি। সোমবার (১৯ জানুয়ারি) নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও মহানগর এনসিপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক এডভোকেট মো. আব্দুর রহমান আফজাল। তিনি বলেন, সিলেট-১ আসনে এনসিপির প্রার্থী এহতেশামুল হকের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’র মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা অবৈধভাবে বাতিল করেছিলেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনানুগভাবে আপিল করা হলে শুনানি শেষে নির্বাচন কমিশন সকল দিক বিবেচনা করে আইন ও ন্যায়বিচারের আলোকে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তিনি আরও বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিলে শেষ পর্যন্ত জনগণের অধিকার রক্ষা পায়। এটি শুধু একজন প্রার্থীর বিজয় নয়, বরং সিলেট-১ আসনের সাধারণ মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রত্যাশার স্বীকৃতি। এডভোকেট আফজাল বলেন, এনসিপি শুরু থেকেই স্বচ্ছ রাজনীতি, আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অঙ্গীকারবদ্ধ। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত দলের প্রতি জনগণের আস্থাকে আরও দৃঢ় করেছে। তিনি ‘শাপলা কলি’কে সিলেট-১ আসনের জনগণের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন ও ন্যায়ের প্রতীক উল্লেখ করে বলেন, এহতেশামুল হক জাতীয় সংসদে নির্বাচিত হলে এলাকার বাস্তব সমস্যা ও মানুষের ন্যায্য দাবি জোরালোভাবে তুলে ধরবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এনসিপি সিলেট জেলা ও মহানগর কমিটি শান্তিপূর্ণ, শালীন ও ইতিবাচক নির্বাচনী পরিবেশ বজায় রেখে জনগণের দ্বারে দ্বারে শাপলা কলির বার্তা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় সিলেট-১ আসনের জনগণ, দলের নেতা-কর্মী এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপি সিলেট মহানগরের সদস্য সচিব মো. কিবরিয়া সরওয়ার, সিলেট জেলা আহ্বায়ক মো. তানভীর আহমদ, সদস্য সচিব প্রকৌশলী মো. কামরুল আরিফসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ