ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর ৪টা ৩০ মিনিটের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান অজ্ঞাত একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মহাসড়কের আনারপুরা এলাকায় দুর্ঘটনার কবলে পড়া কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যাওয়ায় চালক ও সহকারী ভেতরে আটকা পড়েন। সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যাধুনিক হাইড্রোলিক যন্ত্র ব্যবহার করে তাদের উদ্ধার করে। আহতরা হলেন- চালক আবুল কাশেম (৪০) ও হেলপার সাইফুল ইসলাম (৪২)। উদ্ধারের পরপরই তাদের চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।