নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই এলাকায় হঠাৎ যেন বন্যা দেখা দিয়েছে। তিস্তা সেচ ক্যানেলের বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে শতাধিক একর জমির ফসল। ওই পানিতে ডুবে গেছে আলু, ভুট্টা, সরিষা ও ধানের বীজতলা। এতে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকের। ফলে তারা চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে। গ্রামের তলিয়ে যাওয়া ফসলি জমি পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ, উদ্বেগ ও ক্ষোভের কথা শোনেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে পানির প্রবাহ কমাতে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব ইতোমধ্যে নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি জানান, ক্ষতিপূরণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।