দিনাজপুরের চিরিরবন্দরে প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ- পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ তারেক হোসেন চিরিরবন্দর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি দপ্তরের চলমান কার্যক্রম পর্যালোচনা করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প-এর আওতায় চিরিরবন্দর উপজেলার সুফলভোগীদের মাঝে বিভিন্ন প্যাকেজে বিতরণকৃত গবাদিপশুর খামার পরিদর্শন করেন। এ সময় খামার ব্যবস্থাপনা ও পশুর স্বাস্থ্যসেবা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পরিদর্শন শেষে সুফলভোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।