পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের মারিয়াস্থল গ্রামে চলনবিল হ্যাচারী এন্ড ফিশারিজ লিঃ নামক সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পের আওতাধীন একটি পুকুরের মাছ লুট করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের পক্ষ থেকে চাটমোহর থানায় এজাহার দায়ের করা হলেও পুলিশও এখনো কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগিদের পক্ষে মারিয়াস্থল গ্রামের আঃ আজিজ মন্ডলের ছেলে মোঃ নাজমুল হক চাটমোহর থানায় লিখিত এজাহারে উল্লেখ করেন,গত ১৮ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে ওই গ্রামের নুরুল সরকারের ছেলে শিমুল হোসেন,মইনুদ্দিনের ছেলে আলমগীর হোসেন,রিয়াজ সরকারের ছেলে আছমত আলী গং চলনবিল হ্যাচারী এন্ড ফিশারিজের পুকুরের মাছ লুট করে নিয়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার মাছ লুট করা হয়েছে। নাজমুল হক অভিযোগ করেন,পূর্ব বিরোধের জের ধরে তারা ১৪ বিঘা আয়তনের পুকুরের মাছ লুট করেছে। এলাকাবাসী জানান,জমিজমা নিয়ে শিমুল-আলমগীর গং এর দীর্ঘদিন ধরে বিরোধ চলছে নাজমুল হক গং এর। এই বিরোধের জের ধরেই প্রকাশ্য দিবালোকে পুকুরের মাছ মেরে নিয়ে গেছে। নাজমুল হক ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় ঘটনার দিন রাতে এজাহার জমা দেন। কিন্তু আজ অবধি সে ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি পুলিশ। অভিযুক্ত শিমুল হোসেনের সাথে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার মতামত জানা সম্ভব হয়নি। চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার জানান,অভিযোগ পাওয়া গেছে। ওসি স্যার ছুটিতে আছেন। তিনি এলে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।