কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার কালনা গ্রামের মৃত নবাব আলী সানার পুত্র মোঃ ইমদাদুল হক সানা। মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকাল ৩ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আমার পৈত্রিক সম্পত্তি ও কোবলা সম্পত্তির মধ্য হইতে নিজ ভাই ও বোনদের নিকট থেকে ০.১১৪২ একর সম্পত্তি ক্রয় করি। যার খতিয়ান নং - ১২৫, দাগ নং - ৬০৩,৬৭৬, ৬৮০। উক্ত সম্পত্তি আমি ভোগ দখল করতে পারছিনা। আমার সম্পত্তি ক্রয় করার পর ২০১৭ সাল থেকে আমার শরীকরা একই গ্রামের নবার আলী সানার পুত্র আঃ আজিজ সানা ও কোরবান আলী সানার পুত্র রফি সানা গংরা আমার জমি জোরপূর্বক দখল করে রেখেছে। আমি উক্ত জমি দখল নিতে গেলে তারা না দিয়ে বিভিন্ন তালবাহানা করতে থাকে। আমি নিরুপায় হয়ে জমির দখল পেতে ২০১৮ সালের ৮ এপ্রিল কয়রা উপজেলা সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করি। যার মামলা নম্বর সি.আর ৩৬/১৮। মামলাটি শুনানি শেষে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা জারী করেন। তার পরেও তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উক্ত সম্পত্তিতে জোর পূর্বক ঘরবাড়ী তৈরী, ঘেরা বেড়া দিয়ে দখল করে রেখেছে। এমনকি আমার লাগানো গাছ গুলো কেটে নিয়েছে । সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জোরপূর্বক দখল করার ব্যাপারে বাঁধা দিতে গেলে রফি সানার পুত্র কোহিনুর সহ আরও ৪/৫ জন আমাকে মারপিঠ করার জন্য তাড়িয়ে নিয়ে যায়। আমি অসহায় হওয়ায় তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছিনা। নিরুপায় হয়ে বিষয়টি কয়রা থানা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়ের করার পর পুলিশ প্রসাশনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে উক্ত জায়গায় কাজ করা থেকে বিরত রাখার আহবান জানান। এমনকি আদালতের আদেশ মানার জন্য নির্দেশনা প্রদান করেন। তার পরও সেটি আমলে না নিয়ে আমার প্রতিপক্ষরা জোর পূর্বক জমি দখল সহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আদালত অবমাননাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রসাশনের সার্বিক সহযোগীতা কামনা করছি।