আজ মঙ্গলবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন থাকলেও পিরোজপুরর-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাহমুদ হোসেন তার প্রার্থীতা প্রত্যাহার করেননি। তার প্রার্থীতা প্রত্যাহার বিষয়ে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের মেসেজ পিরোজপুর জেলা বিএনপির পক্ষ থেকে তাকে জানানো হলেও তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেননি বলে পিরোজপুর জেলা বিএনপি সূত্র জানিয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত জানান, দলীয় চেয়ারম্যানের মেসেজ বিদ্রোহী মাহামুদ হোসেনকে দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সঙ্গে মুঠো ফোনে মাহামুদকে কথা বলানো হলেও মাহামুদ তার প্রার্থীতা বিষয়ে তাকে জানান ‘ এটা তার একার সিদ্ধান্ত না, প্রত্যাহারের ব্যাপারে পরে জানানো হবে।’ কিসমত জানান, মাহামুদের ব্যাপারে দল সাংগঠনিক সিদ্ধান্ত নিতে পারে। এব্যাপারে মাহামুদ হোসেনের সাথে কথা বলতে তার মুঠো ফোন (০১৭১৩০০৩৭৩০)-এ বার বার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য মাহমুদ হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ঋণ খেলাপী থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছিলো। পরে তিনি হাইকোর্টে রীট পিটিশন দায়ের করলে ১৮ জানুয়ারী রোববার শুনানীতে মনোনয়ন বৈধ ঘোষিত হয়। ধনাঢ্য মাহামুদ ২০২৩ সালে জাতীয় পার্টি (জেপি, মঞ্জু) থেকে বিএনপিতে যোগ দেন।