সাতক্ষীরা- ৪ আসনে লড়ছেন ১৯ জন প্রার্থী

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০৭:২৪ পিএম
সাতক্ষীরা- ৪ আসনে লড়ছেন ১৯ জন প্রার্থী

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল ইসলাম। তবে জেলার অন্য তিনটি আসনে এলডিপি, এবি পার্টি ও গণঅধিকার পরিষদের তিন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে জেলার ৪টি সংসদীয় আসনে শেষ পর্যন্ত ১৯ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে থাকলেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এলডিপির প্রার্থী শফিকুল ইসলাম সাহেদ, এবি পার্টির জিএম সালাউদ্দীন এবং গণঅধিকার পরিষদের এইচ এম গোলাম রেজা তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, শফিকুল ইসলাম ও সালাউদ্দীন জামায়াতে ইসলামীর সমর্থনে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আসনভিত্তিক প্রার্থীদের চিত্র অনুযায়ী  সাতক্ষীরা-১ আসনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে ভোটের মাঠে বহাল রইলেন বিএনপির হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতের মো. ইজ্জতুল্লাহ, ইসলামী আন্দোলনের শেখ মো. রেজাউল ইসলাম ও জাতীয় পার্টির জিয়াউর রহমানসহ মোট ৫ জন। সাতক্ষীরা-২ আসনে এলডিপি ও এবি পার্টির প্রার্থীরা সরে দাঁড়ানোয় এখানে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিএনপির আব্দুর রউফ, জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক, জাতীয় পার্টির আশরাফুজ্জামান, বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী ও ইসলামী আন্দোলনের মুফতী রবিউল ইসলাম। সাতক্ষীরা-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী কাজী আলাউদ্দীন ছাড়াও ভোটের মাঠে রয়ে গেছেন দলের বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল ইসলাম। এ ছাড়া লড়ছেন জামায়াতের হাফেজ রবিউল বাশার, জাতীয় পার্টির আলিপ হোসেন, ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী ও বিএমজেপির রুবেল হোসেন। সাতক্ষীরা-৪ আসনে গণঅধিকার পরিষদের এইচ এম গোলাম রেজা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখন নির্বাচনী লড়াইয়ে থাকলেন বিএনপির ড. মুহাম্মদ মনিরুজ্জামান, জামায়াতের জিএম নজরুল ইসলাম ও ইসলামী আন্দোলনের এইচ এম মিজানুর রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাতক্ষীরা-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় দলীয় ভোটের সমীকরণে বড় প্রভাব পড়তে পারে। তবে অন্যান্য আসনে জামায়াতের সমর্থনে ছোট দলগুলোর প্রার্থী প্রত্যাহার করায় লড়াই দ্বিমুখী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।