শুধু সুষ্ঠু ভোটের নিশ্চয়তা চাই

ফুটবলকে গোল পোস্টের মধ্যে ঢোকাতে হবে

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২২ জানুয়ারী, ২০২৬, ১১:০২ এএম | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ১১:০২ এএম
ফুটবলকে গোল পোস্টের মধ্যে ঢোকাতে হবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঙ্খিত ফুটবল প্রতীক বরাদ্দ পেয়ে দারুন খুশি বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে নিজ বাড়িতে নেতাকর্মী ও সমর্থকরা আসেন তাদের মনোনীত প্রার্থীকে শুভেচ্ছা জানাতে। এসময় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন-আমার ভোটার ও কর্মী সমর্থকদের অনুপ্রেরনাই আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। তাদের মতামতের ভিত্তিতেই আমি ফুটবল প্রতীক চেয়েছিলাম। আর সেই কাঙ্খিত ফুটবল প্রতীক আমি পেয়েছি। এখন শুধু আগামী ১২ ফেব্রুয়ারি ফুটবলকে গোল পোস্টের মধ্যে ঢোকাতে হবে। ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন, আমি বরিশাল-১ আসনের সাধারণ মানুষের প্রার্থী। ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, ভোটাররা যা বলবেন, যেভাবে চাইবেন; আমি সেভাবেই উন্নয়ন করবো। প্রত্যেক নাগরিকের যানমালের নিরাপত্তা, অগ্রাধিকার ভিত্তিত্বে কাঙ্খিত উন্নয়ন, বেকার সমস্য দূরকরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, মাদক ও সন্ত্রাসমুক্ত বরিশাল-১ আসন গড়াই আমার নির্বাচনী অঙ্গিকার। ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, জয়-পরাজয় যাহাই হোক না কেন মেনে নিবো, শুধু ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সেই নিশ্চয়তা চাচ্ছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন-আমাকে এমপি হিসেবে নির্বাচিত করা হলে কাউকে আর বাড়ি ঘর ছেড়ে অন্য কোন জেলা ও উপজেলায় গিয়ে আশ্রয় নিতে হবেনা। সকলের যানমালের নিরাপত্তা নিয়ে আর কাউকে চিন্তা করতে হবেনা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে বহিঃস্কারের ব্যাপারে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন-এটা নিয়মতান্ত্রিক ঘটনা। এনিয়ে চিন্তার কিছু নেই। বরিশাল-১ আসনের সর্বস্তরের ভোটাররাই আমার প্রধান শক্তি। এসময় তিনি (আবদুস সোবহান) নির্বাচনের আচরনবিধি মেনে চলার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি জোর অনুরোধ করেন।  এ আসনের অপর প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন-বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী এম জহির উদ্দিন স্বপন, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী এবং জেপি মনোনীত বাই সাইকেল মার্কার প্রার্থী ছেরনিয়াবাত সেকান্দার আলী।

আপনার জেলার সংবাদ পড়তে