নাটোরের সিংড়ায় রেজাউল করিম (৫৩) নামের এক কলেজ শিক্ষককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১ টায় উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত শিক্ষক রেজাউল করিম কুমারপাড়া গ্রামের ছাবেদ আলী ব্যাপারীর ছেলে ও বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। তিনি সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য ও ধানের শীষ মনোনিত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর কর্মী। তবে ঘটনার পরপরই এই হত্যাকান্ডে জড়িত সন্দেহে কলম কুমারপাড়া গ্রামের মুদি দোকানদার আ’লীগ কর্মী আব্দুল ওহাবের বাড়িতে আগুন দেয় বিক্ষুদ্ধ জনতা। আর সেই আগুনে মুদি দোকানি আব্দুল ওহাবের মা ছাবিহা বেওয়া (৭৫) এর মৃত্যু হয়। আগুনে টিনের তৈরি সাতটি ছাপরা ঘরও পুরে যায় বলে জানা গেছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিংড়ার ইউএনও আব্দুল্লাহ আল রিফাত সহ প্রশাসনের কর্মকর্তারা। এদিকে এই হত্যাকান্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০ টায় নিহত শিক্ষকের কর্মস্থল বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজ প্রাঙ্গনে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। সেই কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার। অপর দিকে বেলা ১২ টার দিকে নিহত শিক্ষকের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবি করে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি। প্রতিবাদ সভায় শহর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-৩ সিংড়া আসনের ধানের শীষ মনোনিত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। প্রতিবাদ সভা থেকে নিহত জিয়া পরিষদ নেতা কলেজ শিক্ষকের হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন বিএনপি মনোনিত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। এদিকে বিকেল ৩ টায় উপজেলা পরিষদ এলাকায় প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করেন উপজেলার সর্বস্তরের শিক্ষকমন্ডলী। প্রতিবাদ সভায় শিক্ষক নেতা অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা জিয়া পরিষদেও সভাপতি অধ্যাপক হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জিয়া পরিষদের নাটোর জেলা সভাপতি সাবেক উপাধ্যক্ষ আহমদুল হক স্বপন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, নাটোর সদর জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলী, অধ্যক্ষ গোলাম সরোয়ার, চলনবিল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমূখ। এবিষয়ে নিহতের ভাতিজা কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপন মুঠোফোনে জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী প্রায় দেড় জজন হত্যা মামলার আসামী আব্দুল করিম ও কলম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সি, আ’লীগ কর্মী আব্দুল ওহাব সহ তাদের সন্ত্রাসী বাহিনী এই হত্যাকান্ড চালিয়েছে। উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ বলেন, নিহত শিক্ষক জিয়া পরিষদ নেতা ও ধানের শীষের একনিষ্ঠ কর্মী। তার মৃত্যুতে শিক্ষক সমাজ ও বিএনপি পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবি করেন। সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, নিহত শিক্ষককে গলা ও কানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। দুটি লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামীদের গ্রেফতার ও হত্যার কারণ খুজে বের করতে তদন্ত চলছে।