ফ্যামিলি কার্ড নয়, মানুষ চায় নিরাপদ জীবন ও ইনসাফ, সমাবেশে নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২২ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৮ পিএম | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৮ পিএম
ফ্যামিলি কার্ড নয়, মানুষ চায় নিরাপদ জীবন ও ইনসাফ, সমাবেশে নাহিদ ইসলাম

ফ্যামিলি কার্ড বা ফ্ল্যাটের প্রতিশ্রুতি দিয়ে মানুষের মন জেতা যাবে না, মানুষ এখন নিরাপদ জীবন ও ন্যায়ের নিশ্চয়তা চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির কঠোর সমালোচনা করে তিনি বলেন, এই ধরনের সুবিধা বাস্তবে কারা পাবে, তা নিয়েই বড় প্রশ্ন রয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

নাহিদ ইসলাম বলেন, “যে ২ থেকে ৩ হাজার টাকার ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, তা কারা পাবে? প্রকৃত দরিদ্ররা পাবে তো? নাকি ২ হাজার টাকার কার্ড পেতে এক হাজার টাকা ঘুষ দিতে হবে?” তিনি অভিযোগ করেন, একদিকে কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়া হচ্ছে। তার ভাষায়, “যাদের মনোনয়ন দেওয়া হয়েছে, তারা আবার ক্ষমতায় গিয়ে জনগণের টাকা লুট করবে।”

বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট দেওয়ার ঘোষণাকেও সন্দেহের চোখে দেখছেন এনসিপির এই নেতা। নাহিদ ইসলাম বলেন, বস্তিবাসী ফ্ল্যাট চায় না, তারা চায় নিরাপদ জীবন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান। অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “আগেও যারা ফ্ল্যাট দেওয়ার কথা বলেছে, নির্বাচনের পর তারাই বস্তিবাসীদের উচ্ছেদ করেছে। এখন মানুষ এসব মিথ্যা আশ্বাস বুঝে গেছে।”

নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো বিকল্প পরিকল্পনা কাজে আসবে না। তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কমিশনকে স্বচ্ছ ও নিরপেক্ষ থাকতে হবে, কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া চলবে না। তিনি হুঁশিয়ার করে বলেন, “আমরা মাঠে আছি। কোনো অন্যায় হলে তা সহ্য করা হবে না।”

ইনসাফ ও ন্যায়ের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন শুধু প্রতিদ্বন্দ্বিতার নয়, এটি এক ধরনের গণভোট। তিনি বলেন, “এই গণভোটে আমরা হ্যাঁ বলব। বৈষম্য, চাঁদাবাজি, দুর্নীতি ও আধিপত্যবাদকে না বলতেই হবে।”

একই দিনে মিরপুরের আদর্শ স্কুল মাঠে আয়োজিত আরেক নির্বাচনী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, নারী ও পুরুষ সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়তে হবে। তিনি বলেন, কর্মক্ষেত্র ও চলাচলে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার জামায়াতের। ডা. শফিকুর রহমান বলেন, “মায়েদের ইজ্জতের বিষয়ে কোনো আপস করা হবে না। ভোট চুরি, চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতি আর দেখতে চাই না।”

সমাবেশে এনসিপি, জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু সরকার বদলের নয়, কাঠামো বদলের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই অসম্পূর্ণ পরিবর্তনের কাজ শেষ করতে চায় ১০ দলীয় ঐক্যজোট।

আপনার জেলার সংবাদ পড়তে