এবার বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তানও

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৩ পিএম
এবার বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তানও

ভারতে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে টুর্নামেন্ট বয়কটের পথে হাঁটতে পারে পাকিস্তানও। এমনই ইঙ্গিত দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) সংশ্লিষ্ট একাধিক সূত্র। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজকে এসব তথ্য জানিয়েছে তারা। সূত্রগুলোর ভাষ্য, আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবি যদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) না মানে এবং বাংলাদেশ শেষ পর্যন্ত সরে দাঁড়ায়, তাহলে পাকিস্তানও টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্ত নিতে পারে। বাংলাদেশ ইতোমধ্যে ভারতের মাটিতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি এবং নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে তারা তাদের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়েছে। সাম্প্রতিক সময়ে ঢাকা ও দিল্লির সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রিকেটেও। আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেও বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। এর জেরে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় এবং বিশ্বকাপে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের দাবি জোরালো করে বিসিবি।