বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, দীর্ঘ বছর পর আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ ভোট দেয়ার সুযোগ পেয়েছে। কেননা এতো বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। তাই সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। আর বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ নিরাপদ থাকবে। কেননা ৫ আগষ্টের পর কলাপাড়ায় সকল ব্যবসায়ী ও সংখ্যালঘুদের নিরাপত্তায় কাজ করেছে বিএনপি। তিনি বলেন বিএনপি সরকার গঠন করলে কৃষক ও নারীদের জন্য কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করা হবে। এ কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে পারবে। তাই এবারের নির্বাচনে জনগণের মার্কা ধানের শীষ। বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে থানা বিএনপির আয়োজিত প্রথম নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মূসা তাওহীদ নান্নু মুন্সী, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লী,, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার প্রমুখ। বিশাল এ জনসভার শুরুতে বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।