ক্ষমতার বিকেন্দ্রীকরণ ছাড়া গণতন্ত্র কখনোই টেকসই হতে পারে না-এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংসদীয় ব্যবস্থায় নির্বাচনের পর যিনি সংসদ নেতা হন, তিনিই সরকারপ্রধান হন। এর ফলে রাষ্ট্রপতি, বিচার বিভাগ ও বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর অতিমাত্রায় নির্বাহী ক্ষমতার প্রভাব পড়ে। প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে সংসদে আইন প্রণয়ন, অর্থ বিল পাস কিংবা নীতিনির্ধারণ কার্যত অসম্ভব হয়ে ওঠে। ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, এই অবস্থা থেকে উত্তরণে ক্ষমতার বিকেন্দ্রীকরণ অপরিহার্য। বিচার বিভাগ, সংসদ ও প্রশাসন-রাষ্ট্রের এই তিনটি স্তম্ভকে পৃথকভাবে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। দীর্ঘ আলোচনা ও সংলাপের মধ্য দিয়ে জাতীয় ঐকমত্যে সেই পথ তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও কারিগরি) ও যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দীন, জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির এবং পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। উদ্বোধনী কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী ফলক উন্মোচন, বেলুন উড্ডয়ন ও বৃক্ষরোপণ। একই সঙ্গে ‘স্পেশালাইজড আইসিটি ট্রেনিং ফর কলেজ টিচার্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন, মতবিনিময় সভা এবং পবিত্র কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মেহেরপুরসহ দেশের ১১টি জেলায় মোট ৭৯৯ কোটি টাকা ব্যয়ে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের আধুনিক তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ ও ইনকিউবেশন সুবিধা প্রদান করা হবে। সিংকঃ ফয়েজ আহমদ তৈয়্যব,প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী,ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।